একাকী নক্ষত্র ও একটি মানুষ!
পুব আকাশে একটা নক্ষত্র জ্বলজ্বল করছে । কি বিশাল আকাশ, অথচ তাঁর পাশে আর কোনো নক্ষত্র নেই । সে একাই আলো ছড়াচ্ছে ।
সেই একাকী নক্ষত্রের মতো মানুষের জীবনও কি একইরকম নয়? চারিদিকে কত উচ্ছ্বাস, হাসি-ঠাট্টা, আনন্দের মেলা তবুও কেউ ঘরের এক কোণে জীর্ণশীর্ণ হয়ে অন্ধকারে পড়ে আছে ।
আহ্নিক গতির ফলে দিন থেকে রাত হচ্ছে তবুও সে মানুষ একাকীত্বের ভাটায় নিজেকে কি ভীষণভাবেইনা নিশ্চুপ ও নিথর করে রেখেছে ।
ঘরে রং-বেরঙের লাইটের মাঝেও সেই রিক্ত নিঃস্বের মতো পড়ে আছে । ঘরে কোনো আলো নেই । বেদনার মতো এক ঘোর আমাবস্যা তাঁর জীবনে ।
ঘরের খিল নাড়িয়ে কেউ এসে টোকাও দিচ্ছেনা । সে শুধুই একা । জীবনের কোনো আলোড়ন নেই ভেতরে ।
ঘরের মেঝেতে এস্ট্রে থেকে কুণ্ডলী পাকিয়ে ধোঁয়া উড়ছে । জীবনের সমস্ত স্বাদ আর আহ্লাদকে ছুটি দিয়ে সেই ধোঁয়ায় আচ্ছন্ন করেছে তাঁর জীবনকে ।
জমিনের ওপরে তাঁর আর কারোর প্রতি অভিযোগ নেই, অনুরাগ নেই । সে নক্ষত্রের মতোই নিজেকে শূন্য করে যাপিত স্বপ্নকে দূরে ঠেলে দিয়ে বিবস হয়ে আছে ।
হারিয়ে ফেলা কোনো উর্বশীর জন্য তাঁর আর অপেক্ষা নেই, প্রতিক্ষা নেই । সে নিরন্তর একা থাকতে অভ্যস্ত হয়ে উঠছে । সময় গড়িয়ে যাচ্ছে । সে অপেক্ষা করছে, আলিঙ্গনের নয়; ভোরের আলো ফুটবে কখন সেই আশায় ।
সাব্বির আহমেদ সাকিল
১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, বসন্তকাল | সোমবার | ০২ মার্চ ২০২৬ ইং | সৈয়দপুর, নীলফামারী
Comments
Post a Comment