একটি মানুষ ও হাজরো অমানুষ
পত্রিকায় নিয়োগপ্রাপ্ত নতুন রিপোর্টার পথে পথে ঘুরছেন নিউজ সংগ্রহের জন্য । হঠাৎ তাঁর চোখ থেমে গেলো একটি দৃশ্য দেখে । ডাস্টবিনে কুকুর, বিড়াল থাকে কিন্তু এ তো দেখি জ্যান্ত মানুষ । ডাস্টবিনে কাছে গিয়ে জট বাঁধা চুলের কারণে চেহারার অবয়ব বোঝা গেলোনা । ডাস্টবিন থেকে খাবার খুঁজছে মানুষ । সভ্যতার কত উন্নতি ঘটলো, মানুৃষের হাতে হাতে আধুনিক মোবাইল, ল্যাপটপ, ঘড়ি, চামড়ার ওয়ালেট; কিন্তু এতটা উৎকর্ষতাতেও মানুষ হার মেনেছে ডাস্টবিনে ।
সন্ধ্যেয় রিপোর্ট জমা দিতে গেলেন পত্রিকা অফিসে । পত্রিকার সম্পাদক কাগজ হাত নিয়েই তাচ্ছিল্যের সাথে টেবিলে রেখে দিলেন । রিপোর্টার বোল্ড করে শিরোনামে লিখেছিলেন, “ডাস্টবিনে খাবার খুঁজছে মানুষ ।”
পরদিন পত্রিকায় বেরুলো নতুন কাগজ । কিন্তু সেই শিরোনামে নেই কোনো খবর । রিপোর্টার ভাবলেন ঘটনা কি!!!
খোঁজ নিয়ে জানা গেলো এসব নিউজ ছাপানোর কিছু নেই, এসব নিউজ ছাপাতে হয়না । দামী শহরে প্রতিদিন মানুষ পেট্রোল ইঞ্জিনে করে ঘোরে । তাঁদের কাছে এসকল দৃশ্য অতি সাধারণ, নিত্যনৈমত্তিক ব্যাপার । কারোর মনে দাগ কাটেনা ডাস্টবিনের ময়লা থেকে খাবার খোঁজা মানুষ দেখে ।
কি সাংঘাতিক! কি সাংঘাতিক! মানুষ কি তবে মানুষ নয় ।
রিপোর্টার ঘরে ফিরলেন । বিছানায় এপাশ-ওপাশ করছেন । চোখে ঘুম জড়িয়ে আসলেও ঘুমাতে পারছেননা তিনি । কিজানি! আজ তাঁর কি হলো...ঘুম কেন আসছেনা । অনেক ভাবনার পর একটি সমাধান মিললো ।
সমাধান...হ্যাঁ সমাধান । এসব নিউজ পত্রিকায় ছাপানো হলো সুশীল সমাজের মানুষ ক্ষোভে ফেটে পড়বেন । পত্রিকার অফিসে আগুনও লাগিয়ে দিতে পারেন । কেন? কেন আগুন লাগাবেন? কারণ..."মানুষ" শব্দ উল্লেখ করলে বড় বড় গাড়ীওয়ালার মান-মর্যাদা ধুলোয় মিশে যাবে । মানুষে মানুষের এত বৈষম্য তা দেখে কেঁপে উঠবে পুরো বিশ্ব ।
...অলৌকিক? হ্যাঁ অলৌকিক...রিপোর্টার চাকরির অব্যাহতিপত্র জমা দিয়ে পথে নামলেন । হাঁটতে হাঁটতে তাঁর চোখের সামনে আবারও একই চিত্র । "ডাস্টবিনে খাবার খুঁজছে মানুষ"...
দূর থেকে ভেসে আসছে মাইকের শব্দ । কিসের শব্দ? কোনো রাজনীতিকের " মানুষের অধিকার আদায় করার দৃঢ় অঙ্গীকার" করার শব্দ? নাকি বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ? “এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম...এবারের সংগ্রাম মানুষের সংগ্রাম ।” না! কোনোটাই তো নয়...তবে কি? কিসের শব্দ ভেসে আসছে মাইক থেকে...
রিপোর্টার হেঁটে যাচ্ছেন শব্দকে লক্ষ্য করে...কোনো রাজনীতিকের খুচরো বক্তব্য নয়, নয় বঙ্গবন্ধুর ভাষণ...একটি গান বাজছে, "মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে । একটু সহানুভূতি কি মানুষ পেতে পারেনা ।” এই শিরোনামে...
"একটি মানুষ ও হাজরো অমানুষ”
—সাব্বির আহমেদ সাকিল
০৬ আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ | বর্ষাকাল | শনিবার | ২০ জুন ২০২০ ইং
*ছবি: গুগল[Alamy stock photo] হতে সংগৃহীত*
#মানুষওহাজারোঅমানুষ #SabbirDiaries
Comments
Post a Comment