ধরো, হঠাৎ...
ধরো, একদিন হুট করে যখন পাখিরা নীড়ে ফেরাতে ব্যাকুল কিংবা ধরো চারিদিকে ফরজের আজানের প্রস্তুতির সময় আমার কথা তোমার মনে পড়ে যাবে । আচমকাই বিকেলে বিষন্ন হয়ে উঠবে তুমি, ফরজের প্রার্থনায় ভিজে উঠবে তোমার চিবুক ।
তোমার মনে পড়ে যাবে সেদিনের সোনালী দিনগুলোর কথা । কোথায় আমরা একসাথে বসেছিলাম, একসাথে দু'জনে হেঁটেছিলাম, রিক্সায় পাশাপাশি বসেছিলাম, একদিন আমি ভীত-সন্ত্রস্ত হয়ে তোমার হাতটি ধরেছিলাম ।
তোমার সংসারে সন্ধ্যাবেলার বাতি জ্বালাতে তুমি ভুলে যাবে সেদিন । আটপৌরে একটা জীবনে কিছু স্মৃতি তুমিও সেদিন হয়তো কাঁধে নিয়ে ঘুরবে, যেমনটা আমাকেও ঘুরতে হয় তোমার বেদনাকে লুকাতে জ্বলন্ত সিগারেটের মতো ।
কোনো এক প্রতীক্ষা কিংবা আক্ষেপ করে তোমার কণ্ঠস্বর রুক্ষ হয়ে উঠবে । মরুভূমির কোনো বেদুঈনের মতো পিপাসিত হয়ে উঠবে তুমি । সেদিন তোমার খুব করে মনে পড়বে আমার কথা, একটা ছেলে যেই ছেলেটা আমাকে ভালোবেসেছিল ।
অথচ সেই ছেলেটা এতটা ভিতু ছিল যে আমাকে একটাবারও বুকের মধ্যে জড়িয়ে ধরেনি....তুমি তোমার সংসারে আবারও ফিরে যাবে, চুলোয় চাল চড়িয়ে দেবে, আনমনে মাছ কাটতে গিয়ে কেটে যাবে তোমার কনিষ্ঠ আঙুল ।
সেদিন আমি থাকবোনা । আমাকে কোথাও পাবেনা তুমি খুঁজে । জীবনের সমস্ত সুখ আর স্বাচ্ছন্দ্য তোমাকে দিয়ে আমি চলে যাবো নিঝুম পাইন বনের ভেতরে...
সাব্বির আহমেদ সাকিল
০৩ বৈশাখ ১৪৩০ বঙ্গাব্দ, গ্রীষ্মকাল | রোববার | ১৬ এপ্রিল ২০২৩ ইং | আপন নীড়, বগুড়া
#তুমি #সংসার #একদিন #বেদনা
Comments
Post a Comment