শীতে আমাদের বেদনা ঘুরপাক খায়!


পৃথিবীর বুকে শীত আমাকে আরও সম্বৃদ্ধ করেছে, করেছে সহজ । এই শীতের প্রবাহ-ই হলো মানুষের দুঃখগুলোকে যাপন করবার এক অনন্য সময় । আমি সে সময়গুলো মিস করতে চাইনা বলেই ক'দিনের লেখাগুলো অনেকের কাছে কঠিন কথা বলে ধরা দিয়ে যাচ্ছে । এটিকে আসলে একপাক্ষিকভাবে বিচার করা কখনোই ঠিক নয় । 

আদিগন্ত বিষন্নতার কবি সিলভিয়া প্লাথের কথাই ধরিনা কেন, বিষন্নতাকে কি সুন্দরভাবে কবিতা দিয়ে ফুটিয়ে তুলেছেন মানুষের কাছে । লিখেছেন, 'চোখ বন্ধ করলে নিভে আসে পৃথিবীর আলো, খুললেই বেঁচে ওঠে সব । ভিতর ভিতর গড়ে উঠছো তুমি ।'

কিংবা প্রেমিকার কাছে ভালোবাসার স্বীকৃতি চাওয়া আবুল হাসানও মাত্র ২৯ বছর বেঁচে থাকা মানুষটি দুঃখকে, বিষন্নতাকে কিভাবে ছাপিয়ে গেলেন । লিখে গেলেন কত কবিতা একের পর এক । বললেন, 'বলি তাই এসেছি তোমার কাছে ইস্পাতিনী,
শুশ্রূষার সবুজ চুম্বনে আজ স্নিগ্ধ কোরে দাও তুমি এ হেন মলিন মুখ ।'

এক ‘উদিত দুঃখের দেশের’ তিনি এক জনমদুঃখী কবি । ঘর থেকেও যে বিবাগী । প্রেমিকাকে পেয়েও যে হারাতে চায়, ‘আমি ফিরব না আর, আমি কোনদিন কারো প্রেমিক হবো না; প্রেমিকের প্রতিদ্বন্দ্বী চাই আজ আমি সব প্রেমিকের প্রতিদ্বন্দ্বী হবো ।'

অথবা ভিনসেণ্ট ভ্যানগগ যিনি তাঁর প্রেমিকা গ্যাব্রিয়েল বার্লাটিয়ার কাছে উপহার হিসেবে তাঁর কাটা কান পাঠিয়ে দিয়েছিলেন । তারপর কানকাটা সেই অবয়বের নিজেই করেছিলেন পোট্রেট । কি অদ্ভুত এক পাগল মানুষ ছিলেন । যাঁর জীবনেও ছিল দ্বি-মেরুকরণ বা একাকীত্বের আভাস । গমক্ষেতে নিজের পিস্তল দিয়ে নিজেকেই গুলি করেছিলেন । 

মেরি এলিজাবেথ ফ্রায়ও কি সুন্দরভাবে বলে গেলেন, 'ডু নট স্ট্যান্ড মাই গ্রেভ এন্ড উইপ, আই'ম নট দেয়ার । আই ডু নট স্লিপ । আই'ম আ থাউজ্যান্ড ওয়াইন্ডস দ্যাট ব্লো । আই'ম দ্যা ডায়মন্ড গ্লিন্টস অন স্নো ।’ 

একেকটা বেদনা, বিষাদকে কি নিগূঢ়ভাবে শিল্পে রূপায়ন করেছেন, চাষ করেছেন তাঁরা । এভাবেই মানুষের দুঃখে দুঃখে জনম কেটে গেছে । অগোছালো সভ্যতা গড়ে উঠতে উঠতেই পৃথিবী বৃদ্ধ হয়ে গেলো । মানুষ কিছু গভীর দুঃখ থাকেই, থাকবেই, সেই দুঃখগুলো শিল্প হয়ে উঠলেই মানুষে-মানুষের মাঝে এক ঐকিক বন্ধন সৃষ্টি হবে বলেই আমার বিশ্বাস । 

ভাবনাগুলো একপাক্ষিকরূপে ধরে কিংবা আনইথিক্যাল ব্যাপার হিসেবে ধরে নিলে পাঠক হোঁচট খাবেন । দুঃখগুলো শিল্প হয়ে উঠুক । মানুষের মনে প্রেমের মৃত্যু আসুক । তবেইনা দুঃখ এক অনন্য শিল্পের মর্যাদা পেয়ে পৃথিবীর পেটে বাস করতে থাকবে অনন্তকাল!

সাব্বির আহমেদ সাকিল 
১৪ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ, হেমন্তকাল | মঙ্গলবার | ২৯ নভেম্বর ২০২২ ইং | সামহোয়্যার ইন হোয়্যার উই বিলং, বগুড়া

Comments

Popular posts from this blog

কবিতা | তুমি চলে যাবার পর

সংবাদমাধ্যমে দৈনদশা

কবিতা | এবং এখান থেকে