আর কিছুকাল পর কত কি ঘটে যাবে, তুমি রয়ে যাবে!
রুফটপে বসে আছি । শীতকাল না আসলেও বেশ শীতের প্রকোপ নেমেছে হেমন্তেই । রাস্তা দিয়ে ছুঁটে চলা গাড়িগুলো দেখে মনে হচ্ছে যেন জীবনের রথযাত্রা দেখছি । পরিচিত এ শহর, এই বিল্ডিং, মানুষজন সবকিছুই কেমন যেন হয়ে আছে ।
আমার বিষন্নতার সাথে একটা নিবিড় বন্ধন যেন যুক্ত হয়েছে । শহরে কেউ হাসছেনা, পাখিরা ডাকছেনা, নদী বয়ে যাচ্ছেনা । ধীরগতিসম্পন্ন একটি সময় যেন খুব বড় বিষন্নতা নিয়ে হেঁটে যাচ্ছে । যেমনটা আমিও হেঁটে গেছি কত বিরান পথে তাকে পাবার আশায় ।
আজ থেকে বিশ-ত্রিশ বছর কেটে যাওয়ার পর সেই চেনা মানুষ, চেনা রাস্তাগুলো, বিল্ডিংগুলো কিভাবে ধরা দেবে সেটি ভাববার বিষয় । কিংবা তাঁর পূর্বেই ঘটে যেতে পারে আমার প্রস্থান । ইহলৌকিক সব মায়া, প্রেম, ভালোবাসা সব কেটে যাবে সমস্তকিছু থেকে । আমার খুব পরিচিতরাও একদিন ভুলতে বসে যাবে । নিশ্চিহ্ন হয়ে যাবে আমার সমস্তকিছু ।
একদিন যাকে খুব করে ভালোবেসেছি, জীবনের সামান্যকিছু সময় কাটাতে চেয়েছি, কত অনুনয়-বিনয় করেছি । কর্কটগ্রস্থ এক উন্মাদের মতো বিভ্রান্ত হয়ে নীড়ে ফিরেছি প্রতিটি দুঃখের সাথে । জন ডেনভার, মাইকেল কোহেন কিংবা ক্রিস গঞ্জালেসের সুরের সংগীতে মিশে গেছি পরিচিত রাস্তায় ।
ধোঁয়া ওঠা এস্ট্রেতে নতুন করে ধোঁয়া উড়েছে । কিছু বেদনা, কিছু দুঃখ, কিছু হতাশায় নিমজ্জিত হয়ে কেটে গেছে কতকাল । দক্ষিণায়নের ব্রেঞ্চিতে কত মশাদের উৎপাত সহ্য করেছি । ক্ষুদ্রতেই রগচটে চেহারার প্রেমে পড়েছি বহুবার । একদিন তাঁর আর ভুল হবেনা তাঁর দক্ষিণায়ন চিনতে, সে ঠিক চিনে নেবে উত্তর আর দক্ষিণ । যেদিকে করে মানুষকে শেষ যাত্রায় শোয়ানো হয় পরম আদরে ।
আমাদের হেঁটে যাওয়া সেসব রাস্তাগুলো, সেই ধূলিগুলো কিংবা হুট তোলা রিক্সায় তোমাকে খুব কাছে পেয়েও ভয়ে জবুথবু ভাব । পৃথিবীর কাঙ্ক্ষিত স্বর্গকে হারানোর এক অদ্ভুত দুশ্চিন্তা মাথার ভেতরে, চোখের দৃশ্যপটে প্রাচীন মাদকতার মতো জেঁকে বসেছে যখন ।
খু্ব ছোটবেলায় যখন মাটির বাসনকোসন নিয়ে খেলেছি, কলাপাতা মুড়িয়ে ঘর বেঁধেছি, কাঁঠালপাতা দিয়ে টাকা বানিয়েছি; খেলার শেষে ঘর ভেঙ্গে রেখে এসেছি । তারপর পরদিন আবার নতুন করে ঘর তোলা, বাজার-সদাই করতে যাওয়া । জীবনের এই ভাঙ্গা-গড়ার নিয়মেই যেন জীবন কেটে যায় বছরের পর বছর ।
জীবনের গভীরতম কোনো দুঃখকে সাথী করেও মানুষ বেঁচে থাকে, থাকতে পারে । পৃথিবীতে সবথেকে দীর্ঘ স্তন ছিলো রানী অতুসার । গ্রীক ক্রীতদাস ক্ষুব্ধ হয়ে কেটেছিল খরত দিয়ে । মানুষের প্রতি মানুষের দীর্ঘ আসক্তি, ক্ষোভ কিংবা ঘৃণা মানুষকে চরমভাবে বদলে দিতে জানে । মানুষ মরে যাচ্ছে একমাত্র মানুষেরই অভাবে!
মহাকালের বুকে আমরা যাঁদের হারাই, তাঁরাও কি আমাদের সমভাবে হারায়?
সাব্বির আহমেদ সাকিল
০৮ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ, হেমন্তকাল | বুধবার | ২৩ নভেম্বর ২০২২ ইং | শের-ই বাংলা নগর, বগুড়া
Comments
Post a Comment