প্রিয়তমা, আমি কি আত্নহত্যা করতে পারি বলো?

কখনও ভেবোনা আমি কোথাও নেই । কখনও ভেবোনা আমি আত্মহত্যা করেছি । ওঁরা আমাকে আত্নহত্যা বলে চালিয়ে দিতেই পারে । দাফন করে দিতে পারে বেওয়ারিশ লাশ হিসেবে । কিন্তু তুমি বিশ্বাস করোনা । তোমার চারপাশে এখনও আমি আছি । 

এখনও ডাক দিলেই ছুঁটে যেতে পারি তোমার হৃদয়ের কাছে । খুব কাছাকাছি বসে গল্প করতে পারি । তোমার চোখে চোখ রেখে কথা বলার মতো দুঃসাধ্য আমার কখনোই হয়নি । কোথাও তোমার মতো চোখ দেখলে এখনও থমকে দাঁড়াই । পলিমাটির সোঁদা ঘ্রাণে তোমার পারফিউমের গন্ধ নাকে এসে লাগে । তখন নিজেকে আবিষ্কার করি এক নিঃস্ব, অসহায়দের দলে । 

সাহিত্য আড্ডা কিংবা বন্ধুদের সাথে এখনও আমি ঘুরে বেড়াই । রেললাইন ধরে আনমনে হেঁটে যাই । অর্থহীন শুনি, পপেয়ে শুনি; কিন্তু তাঁদের মতো তোমাকে ঘৃণা করতে পারিনা । মাহীনের ঘোড়াগুলোর মতো তোমাকে ভালোবাসি । উড়ে বেড়ানো শত ডানার নীল প্রজাপতিতে এখনও খুঁজি । 

দেখছোনা চারপাশে কত মঞ্চস্থ করা নাটক চলে এখনও । এখনও হৃদয় ভাঙ্গার শ্রেষ্ঠ আনন্দে মানুষ হাততালি দিয়ে ওঠে । পৃথিবীতে আর মিথোজীবীতা নেই, প্রেম নেই । আমাদের চেনা রাস্তা লাপাত্তা হয়ে যায় তবুও!

প্রতিদিন মিথ্যা সব সংবাদ পড়তে পড়তে ক্লান্ত হয়ে উঠি । এতটা ক্লান্ত বোধহয় তোমাকে ভালোবেসেও হইনি, হবার কি কথা ছিলো । পরিচিত কোনো রেস্তোরাঁয় তোমার ছোট্ট ভীরু চোখে আমি আঁতকে উঠেছি কতবার । 

পৃথিবীতে ওসবের হিসেব কষতে কষতে আমাদের এভাবেই কয়েক কোটি বছর কেটে গেলো । আমি মরে যাইনি আজও, আমাদের সততা কতদূরে ঠেলে রেখেছে নিরাপদ দূরে । 

শীতের আবহে এখনও পৃথিবীতে ফসলের মাঠ কুয়াশায় ছেয়ে যায় । কৃষকের হাত জড়িয়ে যায় হিমেল বাতাসে । জোছনা রাতে মাঝিরা এখনও ছুঁটে যায় নদীর মাঝ বরাবর । কত কৌতুহল মানুষের জীবনে । 

শুরু কিংবা শেষে তুমি থেকে যাবো । মাধুরী হয়তো রবেনা আর তবুও তুমিই শেষ কথা!

সাব্বির আহমেদ সাকিল 
৩০ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ, হেমন্তকাল | বৃহস্পতিবার | ১৫ ডিসেম্বর ২০২২ ইং | বনানী, বগুড়া

Comments

Popular posts from this blog

কবিতা | তুমি চলে যাবার পর

সংবাদমাধ্যমে দৈনদশা

কবিতা | এবং এখান থেকে