বন্ধু, বন্ধুত্ব

মানুষের জীবনে অতীব গুরুত্বপূর্ণ একটা সম্পদ হলো কাছের বন্ধু । যেটা সারাজীবনব্যাপী মানুষের দরকার পড়ে । যেই বন্ধুত্বের ঋণ কখনও শোধ করা যায়না । 

ভালো কিংবা খারাপ সময় মানুষের খুব বেশী মানুষের প্রয়োজন হয়না । দু-একজন কাছের মানুষ, প্রিয় মানুষ থাকলেই মানুষের ভালো সময়গুলো বেশী ভালোতে পরিণত হয় আবার খারাপ সময়গুলোতে একটু সহানুভূতির দরকার হয় বেঁচে থাকবার জন্য । 

বন্ধুত্বের সম্পর্কগুলো একজন মানুষের যত টেকসই সেই মানুষের আয়ুও বোধহয় বেশী । অন্তত সুখের ভাগ, দুঃখের ভাগগুলো তো কারোর সাথে নিঃসংকোচে, নির্দ্বিধায় বলে ফেলা যায় । বলে ফেলা যায় জীবনের সমস্ত প্রাপ্তি কিংবা আক্ষেপের গল্পগুলো । 

দিনশেষে মানুষের অভাববোধ সেখানেই বেশী প্রোথিত হয়ে থাকে । সারাদিনের কর্মব্যস্ততা, ক্লান্তি কিংবা কোনো অর্জনের গল্পগুলোর জন্য একজন ভালো বন্ধুর দরকার পড়ে । ব্যর্থতায় নিরাশ হয়ে জড়িয়ে ধরে কান্না করবার মানুষ লাগে ।

শৈশব, কৈশোর, যৌবন কিংবা বৃদ্ধকাল প্রত্যেকটা স্টেজেই বন্ধুত্ব নামক জিনিসটা খুব বেশী প্রয়োজন । অসুস্থতার সময় যে ভরসা দেবে, প্রেরণা দেবে, ঠিকমতো মেডিসিন নিচ্ছে কি-না সে খবর নিবে কিংবা মনের ভুলে ঔষধ না খেলে যে বকা দেবে, গালি দেবে । 

কখনও মনে ব্যথা পেলে সাহস জোগাবে । ক্ষণিকের ভালো থাকার জন্য হলেও বলবে, 'পৃথিবীতে কি ছেলে/মেয়ের অভাব পড়েছে যে তাঁর জন্য কষ্ট পাচ্ছ? একটা গেলে দশটা আসবে ।' একজনের প্রতি তীব্র আসক্তি কাজ করার পরও এমন কথা যেন অনেককিছু ভাবিয়ে তোলে মানুষকে । খারাপ কোনো পরিকল্পনা থেকে দূরে সরে আসতে সাহায্য করে । 

বিষন্নতা কিংবা অবসাদের সময় দূরে কোথাও যাত্রা কিংবা ঘাসের উপর বসে আড্ডা অথবা প্রিয় কোনো খাবারের দোকানে বসে পড়া । কি ভয়াবহরকম দারুণ সময় কাটে তখন । মনেহয় আরও কিছু সময় পৃথিবীতে বাস করতে । 

জীবনের এই কাছের মানুষগুলো হলো প্রেরণার একটা জায়গা, সংকোচহীনতার জায়গা, নির্ভরতার জায়গা । যৌবনের সময়গুলো পার হয়ে গেলে সেরকমই একজন অর্ধাঙ্গিনীর প্রয়োজন পড়ে(যখন সবাই নিজ নিজ পরিবার গড়ে তোলে) যখন তাঁর প্রতি যৌনতা কাজ না করলেও মন খুলে হাসা যায়, গল্প করা যায়, হাত ধরে রাস্তা পার হওয়া যায়, ঔষধ খাওয়ার কথা মনে করিয়ে দেয়া যায়, অসুস্থতায় তাঁর পাশে হাত ধরে ভরসা দেয়া যায় । 

বন্ধুত্বের মধ্যে এসব শ্রদ্ধাশীলতা, ভালোবাসা, বিশ্বাস, ভরসাটার কোনো ব্যত্যয় ঘটেনা অধিকাংশ ক্ষেত্রে । যদি কোনো কারণে বিশ্বাস ভেঙ্গে যায় তবে সেখানে যেকোনো সম্পর্ক গড়া কিংবা টিকে রাখার চেষ্টার বৃথা । বিশ্বাস, ভরসা, আত্নমর্যাদা সবার জীবনেরই অনন্য এবং কাঙ্ক্ষিত একটি বিষয় । সুতরাং সেটিকে মানুষ প্রাধান্য দিয়ে এসেছে আদিকাল থেকেই, এখনও দেবে, ভবিষ্যতেও দেবে । 

সাব্বির আহমেদ সাকিল 
০৯ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ, হেমন্তকাল | বৃহস্পতিবার | ২৪ নভেম্বর ২০২২ ইং | আপন নীড়, বগুড়া

Comments

Popular posts from this blog

কবিতা | তুমি চলে যাবার পর

সংবাদমাধ্যমে দৈনদশা

কবিতা | এবং এখান থেকে