কবিতা | কেঁদোনা তুমি

বলছি, আর কখনও কেঁদোনা তুমি
তোমার চোখের অশ্রুতে তোমার কাজল ধুয়ে না নামুক।

বলছি, আর কখনও ভেবোনা আমায়
আর কোনো চিন্তা তুমি কোরোনা । 

বলছি, আমরা কতটা বাস্তববাদী হতে শিখেছি দেখেছ
তুমি দূরে চলে গেলে
তারপর আমার উর্বর মস্তিষ্কে বাসা বাঁধলো ঘুনপোকারা

বলছি, তুমি বলেছিলে আমি কবি নই, আমি লিখতে জানিনা 
অথচ দেখেছ কত সহস্র শব্দ আজও তোমাকে ঘিরে লিখি

বলছি, জানো কবিতা আর লিখতে পারিনা । 
কারণ তুমি বলেছিলে আমি কবি নই । 

তোমার মলিন মুখ আজ বহুদিন দেখিনাকো
কত দিন পার হয়, কত পূর্ণিমার রাত পার হয় । 

আষাঢ় যায়, শ্রাবণ আসে, বসন্ত যায়
তুমি আর আসোনাকো, আমার পাশে বসোনাকো

বলছি, জানো পৃথিবীকে এখন এক জঞ্জালের স্তুপ মনেহয় 
চেনা কোনো সুর ভেসে আসলে, পরিচিত কোনো সুগন্ধি নাকে আসলে, পরিচিত কোনো চোখ দেখলে
আমি ফিরে তাকাই; পাটকেলের সাথে উষ্ঠা খাই, গরগর করে রক্ত ঝরে— হতাশ হই । 

বলছি, সিগারেটের ধোঁয়া এখন বড্ড বেশী প্রিয় হয়ে উঠেছে 
তোমার সেই নম্র চোখ, থরথর করে কাঁপতে থাকা ঠোঁট
বড্ড মনেহয় । 

কোথায় যেন তুমি ছিলে
জীবন এভাবেই বোধহয় ক্ষয়ে থাকে । 
তবুও তুমি রবে কোথাও নীরবে-নিভৃতে...

বলছি, আমি আর কখনও কারোর হবোনাকো
তুমি থাকো, তুমিই থেকো জীবনের পথ ধরে...

সাব্বির আহমেদ সাকিল 
২৮ শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ, বর্ষাকাল | শুক্রবার | ১২ আগস্ট ২০২২ ইং | কলমাকান্দা, নেত্রকোনা

Comments

Popular posts from this blog

কবিতা | তুমি চলে যাবার পর

সংবাদমাধ্যমে দৈনদশা

কবিতা | এবং এখান থেকে