যেথায় তোমার-আমার ব্যবধান
গোধূলি নামার পূর্বেই পুরোনো সেই ঠিকানায় গিয়ে বসে পড়লাম । দিঘির জলে শান্ত, মিষ্টি আকাশের লাল আভা পদ্মফুলের মতো ফুটে উঠেছে । প্রতীক্ষায় বসে থাকি সন্ধ্যে নামবে বলে, জীবনপথের সন্ধ্যে । গোধূলির আলোয় নিজেকে এক অন্যরকম লাগে । এইসব গোধূলির বেলাতেই মানুষ হারিয়ে যায় বলে!
আজ শুক্ল সপ্তমী । আধ খাওয়া এক জোছনা পশ্চিম আকাশে উঁকি দিচ্ছে । আশপাশ অন্ধকারে ডুবে যাচ্ছে । পশ্চিম আকাশের এক কোণে বিজলি চমকাচ্ছে । বাড়িতে বাড়িতে জ্বলে উঠছে সন্ধ্যেবাতি । কালো বাদুড়গুলো শব্দ তরঙ্গ সঞ্চার করে দূরে ছুঁটে যাচ্ছে ।
ঝিরিঝিরি বাতাস বইছে । রোদ্দুরের দাবদাহময় একটি দিন কেটে গেলো আজ । গোসল করার পূর্বে দেখি ট্যাংকিতে পানি নেই, ইলেকট্রিসিটি নেই । মেস মালিকের স্ত্রী বললেন, পাশেই একটা পুকুর আছে সেখানে গিয়ে গোসল করে আসুন; নামাজের সময় যে হয়ে এলো ।
উনি আঞ্চলিকভাবে কথা বলতে লাগলেন, শুধু আন্দাজ করে বুঝলাম পুকুরে গোসল করতে বললেন । নেত্রকোনার মানুষদের ভাষা এখনও বুঝে উঠতে পারিনি, দুর্বোধ্য লাগে । এই আঞ্চলিক ভাষার চাইতে ইংরেজি বোঝা সহজ মনেহয় ।
ভর দুপুরে বিশ-পঁচিশ ফুট গভীর পুকুরে গোসলকর্ম করতে হলো । পুকুর নিয়ে যে ভৌতিক জনস্রুতি আছে তা এখনও মনে ধরে আছে । মনেহয়, কোনো দৈত্য দানব বুঝি আমাকে পানির নিচে টেনে নিয়ে গিয়ে মেরে ফেলবে । যদিও মৃত্যুকে আমি খুব কমই ভয় পাই, তবে এভাবে মৃত্যু আমি চাইনা । আমার শত্রুর পিস্তলের সামনে বুক উঁচিয়ে দিতেও আমার ভয় নেই ।
আমার এলাকায় নূনদহের বিল আছে । যেখানে বহু আগে একটা নূনের জাহাজ ডুবে গিয়েছিলো, তারপর সেখানকার নাম 'নূনদহ বিল' হয়ে যায় । ওই বিলে অনেক শিশুর মৃত্যু ঘটেছে । সেসব মৃত্যুগুলোর কথা মনে পড়ে । এলাকাজুড়ে কান্নার রোল পড়ার কথা মনে পড়ে, আক্ষেপের কথা মনে পড়ে ।
বসে বসে পিংক ফ্লয়েডের, 'থিংকস লেফ্ট আনসেইড' শুনছি আর সন্ধ্যের বিষাদকে উপভোগ করছি...
সাব্বির আহমেদ সাকিল
২১ শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ, বর্ষাকাল | শুক্রবার | ০৫ আগস্ট ২০২২ ইং | পূর্বধলা, নেত্রকোনা
#গোধূলি #সন্ধ্যে #জীবনধারা #প্রকৃতি #সময় #নেত্রকোনা
Comments
Post a Comment