ডিঙি নৌকায় এক সন্ধ্যে
একটি হাওরের জলে ভাসানো ডিঙি নৌকার উপর নিরালায় সন্ধ্যে কেটে যাচ্ছে । চারিদিকে ঘোর অন্ধকার নেমে আসছে । ঝিরিঝিরি বাতাসে হাওরের জল ঢেউ খেলে যাচ্ছে ।
হাওরের পাশেই সুবিশাল খেলার মাঠ । যেখানে প্রতিদিন ছেলেরা ফুটবল খেলে । শিশুরা খেলে, হাসে । সন্ধ্যায় খেলা শেষে একটা শূন্য মাঠ পড়ে থাকে । চারিদিকের কোলাহল থেমে যায় ।
এ যেন এক দারুণ অনুভূতি । নৌকা দোল খেলছে, একটি বাঁশের লাঠি বৈঠার কাজ করছে । আকাশ খুব সামান্য তারা জ্বলছে । যা আস্তে আস্তে বৃদ্ধি পাবে ।
বহুদূর থেকে একটি শ্যালো মেশিনের শব্দ ভেসে আসছে । দূর পাহাড়ের উঁচু উঁচু মাথাগুলো অন্ধকারে তলিয়ে গেছে । এই পাহাড় মানুষের জন্য এক অনন্য শিক্ষা । রাত হলে যত উঁচু পাহাড় ই হোক, সেটা অন্ধকারে মিশে যায় । পাহাড়ের চূড়ায় আলো না পড়া পর্যন্ত কেউ পাহাড়ের মাথা দেখতে পারেনা ।
হাওরের এক কোণা থেকে আরেক কোণায় স্রোতের তাড়নায় নৌকা ভেসে যাচ্ছে ।
আজ কৃষ্ণ একাদশী । তাই জোছনার দেখা এত জলদিই মিলবেনা । গভীর রাতে একটা ভাঙ্গা জোছনা দেখা দেবে । তারপর আবার মিলিয়ে যাবে । জোছনাও মানবজীবনের জন্য এক অনন্য শিক্ষা । পূর্ণিমায় সুবিশাল এক জ্বলজ্বলে জোছনাকে ক্ষয়ে যেতে হয় । অর্ধেক হয়ে যেতে হয় । ভেঙ্গে যেতে হয় । শূন্য হয়ে যেতে হয় ।
একটি হাওরের জলে মৃদু বাতাসের স্রোতধারায় ভাসমান ডিঙি নৌকার মতো আমার জীবন ভেসে যাচ্ছে...
সাব্বির আহমেদ সাকিল
০৭ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ, শরৎকাল | সোমবার | ২২ আগস্ট ২০২২ ইং | কলমাকান্দা, নেত্রকোনা
Comments
Post a Comment