পূর্ণিমা
আজ পূর্ণিমা । মধ্য আকাশে বিশাল কাঁসার থালার মতো এক জোছনা বয়ে যাচ্ছে । পৃথিবীর কত জায়গায় এই জোছনারাতগুলো পার করলাম । প্রতি পূর্ণিমা কত স্থানে কাটালাম ।
ছাদের উপর নিরন্তর একা বসে জোছনার পসর গায়ে মাখছি । মাঝেমাঝে সাদা মেঘে জোছনা আড়াল হয়ে যাচ্ছে, পৃথিবীতে আলো কমে যাচ্ছে । আবারও মেঘ সরিয়ে তীব্র আলো পৃথিবীর বুকে আছড়ে পড়ছে ।
আমার উত্তরে সুবিশাল পাহাড় আর দক্ষিণে জোছনা । দূর থেকে বাঁশির শব্দ ভেসে আসছে । ইচ্ছে করছে সেই বাঁশরির পাশে গিয়ে বাঁশির সুর শুনি ।
নিদারুণ এক পরিবেশ । চারপাশে মশার গুঞ্জন ভেসে আসছে । রাতের সেই নিস্তব্ধতাকে উপভোগ করছি ।
পশ্চিম ও দক্ষিণ আকাশে বেশকিছু নক্ষত্র জ্বলজ্বল করছে । আশেপাশের রাস্তা দিয়ে হালকা যানবাহন ভোঁ করে চলে যাচ্ছে । মোবাইল টাওয়ারের সিগন্যালের লাল বাতি জ্বলছে ।
মাঝেমাঝে ঝিরিঝিরি হাওয়া বইছে । পেয়ারা গাছ থেকে মাঝেমধ্যে টুপ করে পাতা ঝরে পড়ছে । জানিনা জীবনপথে আর কয়টা পূর্ণিমার রাত দেখার সৌভাগ্য হবে । তবে আমৃত্যু জোছনাকে দেখে যেতে চাই, জোছনার পসর গায়ে মাখতে চাই । জীবন থেকে কত মানুষ যে অবলীলায় হারিয়ে যায় । আমি এই নিঃসঙ্গ জোছনাকে হারাতে চাইনা, জোছনার এই মায়াকে বেঁধে রাখতে চাই জীবনভর...
সাব্বির আহমেদ সাকিল
২৮ শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ, বর্ষাকাল | শুক্রবার | ১২ আগস্ট ২০২২ ইং | কলমাকান্দা, নেত্রকোনা
Comments
Post a Comment