ভাবনামালা | তোমায় নিয়ে
পৃথিবীর বুকে রাত্রি নামলেই শিরশিরে বাতাস বইতে শুরু করে । নদীগুলোতে জোছনার আলো পড়ে চকচক করে ওঠে । উঁচুতলার ছাদগুলোতে ফুলের টবে থাকা ফুলের সুবাস ছড়িয়ে পড়ে চারদিকে । যেই সুঘ্রাণ সবাই পায় । যাঁরা নিচতলা দিয়ে হেঁটে যায়‚ বা কোনো প্রেমিক-প্রেমিকা থেকে হয়ে যাওয়া স্বামী-স্ত্রী । যাঁদের কাছে রাত্রি মানেই সঙ্গমকালীন সময় নয় । ছাদের রেলিং ধরে দু’জনে হাঁটে । যাঁরা বের হয় বাহিরের কোনো স্ট্রিট ফুডের খোঁজে । যেই দোকানীগুলোর ছলছল করা চোখ‚ নিম্নবিত্তের কষাঘাতে যাঁদের পিঠে কালো দাগ পড়ে গেছে । একজনের ডান হাতের আঙ্গুল‚ আরেকজনের বাম হাতের আঙ্গুলের মাঝে ঢুকে যায় ।
চুপচাপ দু’জনেই বসে থাকে আকাশের দিকে চেয়ে । তারপর একটা দমকা হাওয়া‚ প্রেমিকার গা শিউরে ওঠে । শরীরকে উত্তপ্ত করতে প্রেমিক চেপে ধরে প্রেমিকাকে । তারপর একটা দীর্ঘ শ্বাস ফেলতেই কপালে একটা চুম্বন । গাছ থেকে একটা কাঠগোলাপ ছিঁড়ে কানের উপরে লাগিয়ে দেয় প্রেমিক । আহ্! প্রেমিকা নতুন করে প্রেমে পড়ার মতো করে লজ্জায় লাল হয়ে ওঠে!
অডিও প্লেয়ারে বাজতে থাকে কোনো এক প্রিয় কবিতা আবৃত্তি । তারাগুলো নীল হয়ে থাকে । হঠাৎ একটা উল্কা খসে পড়ে দূরের ঐ আকাশ থেকে । ডানা ঝাপটে উড়ে যায় কয়েকটি বাদুড় । যাঁরা রাত্রি নামলেই শব্দতরঙ্গ ব্যবহার করে খাবার খুঁজতে বের হয় । সময়ের কাঁটাগুলো ঘুরে যায় এভাবেই ।
প্রেমিকা হঠাৎ হেসে ওঠে । প্রেমিক তাঁর চোখের দিকে তাকিয়ে বলে ওঠে‚ “তোমার এই বিস্তৃত হাসির জন্য আমি এই পৃথিবীর সবকিছুকে ছোট অথবা বড় করে দিতে পারি ।”
—সাব্বির আহমেদ সাকিল
৩১ শ্রাবণ ১৪২৭ বঙ্গাব্দ | বর্ষাকাল | শনিবার | ১৫ আগস্ট ২০২০ ইং
#SabbirDiaries #প্রিয় #ভাবনামালা #তোমায়নিয়ে
Comments
Post a Comment