নভেম্বরে নগরীতে জোছনা | সাব্বির আহমেদ সাকিল
নগরীর বুকে আজ জোছনা উঠেছে | বিশাল থালার মতো জোছনা | সহস্র বছর ধরে এই জোছনা বয়ে চলেছে | জোছনার রূপ দেখেই প্রেমে পড়তে পারেন হৃদয়ে প্রেম থাকা যেকোনো মানুষ | যাঁদের হৃদয় পুড়েছে‚ ভেঙ্গে ক্ষত-বিক্ষত হয়েছে তাঁরাও নিশ্চয়ই প্রেমে পড়ে যাবেন | কারণ জোছনার আলোতেই কেউ প্রেমিকাকে খুঁজে পান‚ কেউবা পেয়েছিলেন‚ কেউবা খুঁজে ফেরেন‚ কেউবা আবার প্রতীক্ষায় থাকেন জীবনের জন্য এমন একটি জোছনার |
প্রেমিকার অবয়বকে খোঁজেন রূপালী জোছনার মাঝে | কারোর দেখা মেলে‚ আবার কারোর মেলেনা | দূরে যে বাঁশবনে কবরস্থান‚ শ্মশান রয়েছে সেই মানুষগুলোর কেউ হয়তো একদিন জোছনা খুঁজতো‚ প্রেমিকাকে খুঁজতো |
পরিষ্কার আকাশ | বিচ্ছিন্নভাবে কিছু নক্ষত্রের দেখা মিলছে | জোছনার আলোতে নক্ষত্রগুলোও আজ সুসজ্জায় সেজেছে |
জোছনা ধরতে পারার‚ অনুভব করতে পারার মতো হৃদয় পৃথিবীতে খুব কম-ই বিদ্যমান | জোছনার সাথে আত্নার যোগসাজশ করার মতো প্রাণের আয়োজনও খুব কম |
আজ পূর্ণিমা | ছাদে ভালো রান্না চলছে | কাটারীভোগ চাউলের পোলাও | মোহনীয় সুগন্ধিতে বেশ দারুণ লাগছে | ছাদঘিরে নানারকম ফুলের শোভা‚ কিছু গাছে ফলও ধরেছে | দারুণ একটা সুঘ্রাণ পাওয়া যাচ্ছে | চারিদিকে মুয়াজ্জিনের সুললিত কণ্ঠে এশারের আজান হচ্ছে |
এভাবেই চলতে থাকবে সহস্র-হাজার বছর | কেউ রবেনা আর‚ না প্রেমিকা‚ না প্রেমিক; শুধু রয়ে যাবে এই অনন্তকাল ধরে জ্বলতে থাকা জোছনাটি...
⏭ সাব্বির আহমেদ সাকিল
▶০৩ অগ্রহায়ণ ১৪২৮ বঙ্গাব্দ‚ হেমন্তকাল | ১২ রবিউস সানি ১৪৪৩ হিজরী | ১৮ নভেম্বর ২০২১ ইং | বৃহস্পতিবার | শেরে বাংলা নগর‚ বগুড়া
Comments
Post a Comment