একটি গ্রামীন হাট | ময়মনসিংহ
পড়ন্ত বিকেলে সূর্য গাঢ় লাল হচ্ছে আস্তে আস্তে । গ্রামীণ জনপদের দু’ধারে হাট বসেছে । মানুষ বাজার-সদাই করছে । হাটে কত বাহারি রকমের সবজি-ফল উঠেছে‚ গরম কড়াইয়ে ভাজা হচ্ছে গুড়ের জিলাপি‚ বন্দিয়া‚ ছোট-বড় কত রকমের মাছ উঠেছে । দাম হাঁকিয়ে একদল মানুষ বিক্রি করছে আরেকদল কিনছে ।
![]() |
| মধ্যবয়স্ক একজন বসে আছে পেঁয়াজ‚ মরিচ ও আদা-রসুন নিয়ে । |
| মধ্যবয়স্ক একজন বসে আছে পেঁয়াজ‚ মরিচ ও আদা-রসুন নিয়ে । নিজের সামর্থ্য অনুযায়ী মানুষ কিনছে তাঁর বেঁচে থাকবার আহার । কত বুড়ো‚ ছোকরা‚ যুবক ছেলেরা হাটে এসেছে । এখানে অধিকাংশ মানুষের অর্থনৈতিক অবস্থা দূর্বল । সুষম পুষ্টির যে অভাব তা চোখেমুখেই ফুটে ওঠে । তবুও মানুষ বেঁচে আছে । একজন বৃদ্ধ পাঁচটি কাঠকচু নিয়ে বসে আছে পিড়িতে । জানিনা সেই বৃদ্ধের আত্মাসঙ্গী এখনও বেঁচে আছে কি-না । |
![]() |
| পেঁয়াজের রূপে ধরা পড়েছে বৃদ্ধের হাসি । |
আমি জানি এই হাট চলতে থাকবে সহস্র-হাজার বছর ধরে । তখন আমি আর এই পৃথিবীতে থাকবোনা । আমার অস্তিত্ব হয়তোবা কিছুকাল টিকে থাকবে কোনো বাঁশের ঝোঁপে । আমি আর এই পৃথিবীর কোনো আলো দেখবোনা‚ দেখতে পাবোনা আর এই হাট-বাজার এই মানুষ ।
হাটে গেলে বড্ড নির্বাক হয়ে দেখি মানুষের জীবনধারা । হয়তো খুঁজে ফিরি কোনো এক মায়াবী চোখ । যাঁর চোখের নীলিমার ইন্দ্রজালে আমি কোটি বছর আগে নিজেকে হারিয়েছি ।
![]() |
| ডায়মন্ড আলু । |
ছোট্ট একটা জীবন অথচ কত আহবান এখানে । ভাবতে ভাবতে সন্ধ্যে নামে আমার মনের আকাশে । আমি শুধু পথ চেয়ে থাকি‚ সেই চিরচেনা পথ; যেই পথে পৃথিবীতে শাসনকাল চলেছিলো‚ হৃদয় ভরে উঠেছিলো অস্তিত্বের আনন্দে । আমি যেন এক নিষ্প্রাণ মানুষ হয়ে গেছি আজকাল । মনেহয় কতকাল একটি স্বচ্ছল হাসি দেখিনি কারোর । দেখিনি খোঁপায় পড়া সেই জবাফুল ।
![]() |
| যুবক থলে হাতে বাজার-সদাই কিনছে । |
একটি ভূতুড়ে জীবনের গতিপথে আমি ছুটে চলি এক অন্তহীন পথে । মাঠের পরে মাঠ পেরিয়ে যাই তীব্র রোদের মাঝে‚ ঘাম ঝড়ে পড়ে টুপ টুপ করে । ক্লান্ত হয়ে বসে পড়ি কোনো জারুল গাছের নিচে । আমার পথ কভু শেষ হয়না । আমার প্রতিক্ষার দৈর্ঘ্য বাড়তে থাকে অনন্তকাল ধরে...
সাব্বির আহমেদ সাকিল
২৭ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ‚ শরতকাল | শনিবার | ১১ সেপ্টেম্বর ২০২১ ইং | ময়মনসিংহ
#সাব্বিরসাকিল #জীবনধারা #মানুষ #হাটবাজার #গল্প #জীবন #প্রতীক্ষা #ময়মনসিংহ





Comments
Post a Comment