মানুষের ক্ষুদ্র চাওয়াগুলো
“আমি একটু শান্তিতে মরতে চাই” এই কথাটার গভীরতা কতটুকু তা উপলব্ধি করতে পারবেন? একজন মানুষ সাধারণত জীবনের শেষাংশে এসেই এধরনের কথা বলে থাকেন । তাঁর জীবনের সমস্ত আক্ষেপ এই কথাটিকে কেন্দ্র করে ঘোরে ।
আমাদের একটাই জীবন । কারোর দুঃখের কারোর সুখের । তবুও জীবন তো জীবন-ই ।
আমার খুব করে মনে আছে পল্লী উন্নয়ন একাডেমিতে ভিবিডির একটা প্রোগ্রামে ইনডিপেনডেন্ট টিভির সাংবাদিক হাসিবুর রহমান বিলু ভাই সারিয়াকান্দির একটা মহিলাকে বলেছিলেন‚ আপনার জীবনের শেষ ইচ্ছা কি? মহিলাটি প্রতিউত্তরে বলেছিলেন‚ “জীবনে একটাবার ট্রেন দেখবো । ট্রেন নাকি অনেক বড় হয় ।”
এই গল্পটি যখন তিনি বলেছিলেন তখন আমি ভাবতে লাগলাম মানুষ একজীবনে এরকম আশাও করতে পারে? যে জীবনে একটিবার ট্রেন দেখবেন । এই সাধ তিনি জীবনভর লালন করে এসেছেন বলেই কথাটি বলেছেন । কি পরম তাঁর চাওয়াটা!
আমি যেখানে থাকি তাঁর অদূরে একটা টং দোকান । ভালো চা বানায় । প্রায়ই সেখান থেকে চা পান করি । সেখানে অনেকটা সময় ধরে বসে থাকি । এলাকার স্থানীয় অনেক মানুষ সেখানে আড্ডা দেয় । নানারকম খুচরো সেসব আলাপ‚ দেশের বিভিন্ন সংবাদ তাঁদের মুখে শোনা যায় । সবাই সাধারণ মানুষ ।
সেদিন আমাদের শাজাহানপুর-গাবতলীর ০৭ আসনের সাংসদ রেজাল্ট করিম বাবলুকে নিয়েও দেখি আলোচনা চলছে তাঁর রিসেন্ট ভাইরাল হওয়া বক্তব্য নিয়ে । তাঁরাও যে রাষ্ট্রের খবরারখবর রাখেন সেটিকে তুচ্ছতাচ্ছিল্য করবার কিছু নেই ।
এই মানুষগুলোও রাষ্ট্রের অ্যাসেট । একটা বড় অ্যাসেট । পলিথিনে করে চাল নিয়ে যান‚ ছটাক অনুযায়ী তেল কেনেন । তাঁরাও ঠিকই বছরের পর বছর ট্যাক্সটা কড়ায়-গণ্ডায় দিয়ে যায় ।
ময়মনসিংহে আরেকটা বিষয় দেখেছি‚ আমি সারাজীবন যেগুলো গান কখনও দেখিনি বা শুনিনি সেগুলো গান হোটেলগুলোর টিভিতে বাজে । মানুষ তা আগ্রহভরে দেখে‚ শোনে ও উপভোগ করে । আমার সেসব সংগীত পছন্দ নয়‚ কিন্তু আমি এই সংগীতগুলোকে অশ্রদ্ধা করতে পারিনা কারণ এটার উপর অনেকেরই কতৃত্ব আছে‚ মানুষ ভালোবাসে । তাই সেসব নিয়ে ঘোর আপত্তি জানাতে পারিনা ।
এই যে মানুষের বাঁচার লড়াই । পেটের তাগিদে নিরন্তর ছুঁটে চলা‚ স্থান বদলে ফেলা এসব খুব সাধারণ চিত্র । আদিকাল থেকেই এটি হয়ে আসছে ।
প্রতিদিন এসকল মানুষদের জীবনযাত্রা দেখেই দিন কেটে যাচ্ছে । আমার কোনো তাড়া নেই । আমি বসে থাকি একটি কাঠের গুঁড়ির উপরে । মানুষ হেঁটে যায়‚ চাঁদের আলো আছে তবুও মুখটা অচেনা রয়ে যায় । আমি দেখি পৃথিবী দূরন্তর বেগে ছুটে চলছে । আমি স্থরির হয়ে নির্বাক হয়ে তাকিয়ে আছি পথের দিকে । পথে পড়ে থাকা যেন আঁধুলি মনেহয়‚ কেউ দেখছেনা‚ কেউ চিনছেনা এখানে আমায় । সিগারেটের সাদা ধোঁয়ায় অন্ধকার হয়ে আসছে চারপাশ‚ এখনই বোধহয় বিপ্লব ঘটবে । মানুষের আশা-আকাঙ্ক্ষার সেই কাঙ্ক্ষিত বিপ্লব...
সাব্বির আহমেদ সাকিল
০৩ আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ‚ হেমন্তকাল | ১০ সফর ১৪৪৩ হিজরী | ১৮ সেপ্টেম্বর ২০২১ ইং | শনিবার | রাত্রি ০১ টা ৫৮ মিনিট | ময়মনসিংহ
Comments
Post a Comment