মধু পূর্ণিমা কথন-২০২১: পর্ব-০২


গতকাল জোছনার বিয়ে ছিলো তাই তাঁর সমস্ত সৌন্দর্যে পৃথিবী আলোয় আলোয় আলোকিত হয়েছিলো । আজ বিয়ের পরবর্তী রাত তাই সে তাঁর সংকীর্ণ আলোকপ্রভা দেখাচ্ছে । 


প্রতিরাতের মতো আজও সেখানটাতে এসে বসলাম । কয়েকটি বড় গাছের গুঁড়ি রাখা যেখানে সেখানে । এখানে প্রতি রাতেই জোনাকিরা থাকেই । জোনাকিরা দিক-বিদিক ছোটাছুটি করছে । ঝিঁঝিঁ পোকারা ডেকে চলছে । 


আজ এই রাস্তায় মানুষের চলাচল একটু বেশী । হাট থেকে গরু কিনে ফিরছে অনেকেই‚ কেউবা ফেরত নিয়ে আসছে । সুতরাং বোঝাই যাচ্ছে আজ গরুর হাট বসেছিলো । হেঁটে যাচ্ছে লম্বা-খাটো‚ বৃদ্ধ-মধ্যবয়স্ক নানা বয়সের মানুষ‚ কিছু মধ্যবয়স্ক বোরকা পড়া মহিলাও হেঁটে যাচ্ছে । 


কারোর হাতে বড় বাজারের থলে‚ কারোর আবার ছোট থলে । কেউবা মাথায় বস্তাতে কিছু একটা নিয়ে যাচ্ছে । পার হয়ে যাচ্ছে বাইসাইকেল‚ মোটরসাইকেল‚ অটোরিকশা‚ ভ্যানগাড়ি । মানুষ প্রয়োজনে বাড়ি ফিরছে । 


দূর থেকে এশারের আজান কানে ভেসে আসছে । একটা আজানকে খুব পরিচিত মনে হচ্ছে । আমাদের দূরের একটা গ্রামে এরকম সুরে এক মুয়াজ্জিন আজান দিতো । সুরটা অনেকটা কাছাকাছি । 


অদূরে কিছু মানুষের অস্পষ্ট আলাপ শোনা যাচ্ছে । জ্বরের ঘোরে সেগুলো শ্রুতিমধুর শোনাচ্ছে । শরীর ম্যাজম্যাজ করছে । চোখ ক্রমশ ছোট হয়ে আসছে । গা ঘামছে । সবমিলিয়ে একটা বিরক্তিভাব কাজ করছে । 


তবুও মানুষের এই জীবনধারা উপভোগ করতে দারুণ লাগছে । চাঁদের আলোয় মানুষ হেঁটে যাচ্ছে । যেই চাঁদের আলোয় আমার পূর্বপুরুষরাও হাট থেকে ফিরেছেন । হাট থেকে মাছ‚ গোশত‚ তরি-তরকারি‚ সদাই কিনে ফিরেছেন । 


এইসব হাবিজাবি ভাবতে ভাবতে কবে যে আমিও পৃথিবীর বুক থেকে শটকে পড়বো সেটাই ভাবছি । যেই মানুষটার জীবনের অধিকাংশ-ই কেটেছে শূন্যতায়‚ অগোছালো সব ভাবনায় পৃথিবী কি তাঁরে এত জলদি শোষণ করে নিবে । 


রাত কেটে যাচ্ছে । জোছনার উপরে বড় একটা মেঘ এসে ভর করছে । পৃথিবী আবারও অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবে । আকাশে হাতেগোনা কয়েকটি নক্ষত্র নিশ্চুপে জ্বলছে । 


শরীর অবশ হয়ে আসছে বলে বোধ হচ্ছে । নীড়ে ফিরতে হবে...একটাই ঠিকানা আমাদের সুইট হোম...সুইট হোম...সুইট হোম...


সাব্বির আহমেদ সাকিল 

০৫ আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ‚ হেমন্তকাল | ১২ সফর ১৪৪৩ হিজরী | ২০ সেপ্টেম্বর ২০২১ ইং | সোমবার | ময়মনসিংহ


#সাব্বিরসাকিল #জীবনধারা #হাট #মানুষ #বাজারসদাই #ময়মনসিংহ

Comments

Popular posts from this blog

কবিতা | তুমি চলে যাবার পর

সংবাদমাধ্যমে দৈনদশা

কবিতা | এবং এখান থেকে