বগুড়া স্টেশনে সেই সোনালী দিনগুলো | স্মৃতিরোমন্থন | সাব্বির সাকিল

ছবি: জয় গুপ্ত

 আমার দেখা বগুড়া রেলওয়ে স্টেশনের সেরা ছবি এইটা‚ ছবিটি তুলেছে জয় গুপ্ত । মনে পড়ে সেই স্মৃতিবিজড়িত স্থানের কথা । সেউজগাড়ির সেফ জোন-৩ মেসে থাকার সময়গুলো । ২০১৬-২০১৮ তে আমি আর আমার রুমমেট কত বসে থেকেছি । অতঃপর মেস ছেড়ে বাড়ি আসা । 


কিন্তু স্টেশনের মায়া তো প্রথম ভালোবাসার মতো‚ কখনও দূরে সরানো যায়না । বাড়িতে মন টিকতোনা তখন জহুরুলনগরে বন্ধুর মেসে কয়েকদিন পরে পরেই যেতাম‚ থাকতাম । সন্ধ্যায় বসা হতো হাড্ডিপট্টির সামনে রেললাইনের স্লিপারে । চলতো চা-সিগারেটের হরদম আড্ডা । কত গল্প‚ সাহিত্য‚ সংস্কৃতি‚ দর্শন‚ রাজনীতি,‚ প্রেম‚ ভালোবাসা আরও কত মিশ্র আলাপন ।


স্টেশনের ভাঙ্গা বাতিগুলোর নিচে বসে কত সন্ধ্যে পেরিয়ে গেছে আমাদের । আমাদের প্রেম‚ ভালোবাসা‚ হতাশা‚ বিরহ‚ বিচ্ছেদ‚ দূর্দিন‚ দেয়ালের ভূমিকায় সেই স্টেশনটি । স্মৃতির সাথে সিগারেটের কত ফিল্টার জমা পড়ে আছে সেখানে । 


ক্লাস শেষে রোদ্রের দাবদাহে তপ্ত হওয়া স্লিপারের উপর দিয়ে ঢুলতে ঢুলতে হেঁটে আসা । আবার ঝুম বৃষ্টির মাঝে ছাতা মাথায় দিয়ে ডিপার্টমেন্টে যাওয়া । প্রথম বর্ষে পড়াকালীন এক বন্ধু সুদর্শনা এক মেয়ের প্রেমে পড়লো সেই মেয়েটিকে অনুসরণ করতে করতে স্টেশনে যাওয়া । তাকে ঠেলে পাঠানো‚ অথচ ভীতু বন্ধুটি সেদিন মেয়েটির সাথে সামান্য আলাপও করতে পারেনি যদিও । 


তারপর জীবন থেকে কত দ্রুত সময় বয়ে গেলো । বন্ধুটি সেই মেয়েটিকে ছাড়াই অন্যজনকে বিয়ে করে ফেললো । এখন বাচ্চাকাচ্চা নেওয়ারও প্রস্তুতি চলছে বোধহয়!


সংগঠনের কোনো প্রোগ্রামের জন্য কিছু কেনার জন্য স্টেশন দিয়ে হকার্স মার্কেট হয়ে কাজী নজরুল ইসলাম সড়কে ওঠা । তারপর এটা-সেটা কত কেনাকাটা । শাপলা মার্কেটের প্রেসপট্টিতে ব্যানারের অর্ডার দেওয়া । 

বহমান হতাশা‚ আক্ষেপ থাকুক তবুও সময়গুলো কত মধুর ছিলো । হাতের কাছেই বন্ধুদের পাওয়া যেত । মন খুলে আড্ডা দেওয়া যেত‚ চা-সিগারেট খাওয়া যেত । অনেক রাত পর্যন্ত আড্ডা শেষে কখনও মেসে থেকে যাওয়া আবার কখনও বাড়ি ফেরার সময় গাড়ি না পাওয়া । কখনও সিএনজি না পেলে ভ্যানে চড়ে আসা । 


জীবন থেকে চলে যাওয়া ধূসর সময়‚ স্মৃতি‚ মানুষ কখনও ফিরে আসবেনা । তবুও সবকিছু থেকে যাবে মহাকাল জুড়ে । 


সাব্বির আহমেদ সাকিল 

১৩ আশ্বিন ১৪২৮ বঙ্গাব্দ‚ হেমন্তকাল | ২০ সফর ১৪৪৩ হিজরী | ২৮ সেপ্টেম্বর ২০২১ ইং | মঙ্গলবার | ময়মনসিংহ


#সাব্বিরসাকিল #স্মৃতিচারণ #স্টেশন #বগুড়ারেলওয়ে #বগুড়া #ময়মনসিংহ

Comments

Popular posts from this blog

কবিতা | তুমি চলে যাবার পর

সংবাদমাধ্যমে দৈনদশা

কবিতা | এবং এখান থেকে